প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
বিশ্বনাথে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চেরাগ আলী (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের জাগিরআলা গ্রামের নিজ বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত চেরাগ আলী জাগিরআলা গ্রামের মৃত মজর আলীর ছেলে। তাঁর চার ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তিনি নিজ বসতঘরে একাই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে ঘুমাতে যান চেরাগ আলী। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিশ্বনাথ থানার এসআই কাজী আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।৷
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ